রোববার থেকে ৩ ঘণ্টা করে বন্ধ ইন্টারনেট ও ক্যাবল টিভি
বিকল্প ব্যবস্থা ও আগাম কোনো খবর বা সময় না দিয়ে অব্যাহতভাবে ক্যাবল কাটার প্রতিবাদে রোববার থেকে প্রতিদিন তিন ঘণ্টা করে বন্ধ ইন্টারনেট ও ক্যাবল টিভিসেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংযোগদাতা প্রতিষ্ঠানগুলো। ক্যাবল কাটা বন্ধ না করা পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টা তাদের সেবা বন্ধ রাখবে বলে জানিয়েছে ইন্টারনেট ও কেবল টিভি সংযোগ প্রতিষ্ঠানগুলো। এতে সমস্যায় পড়বেন অনেক মানুষ। বিশেষ করে যারা করোনার কারণে অনলাইন ক্লাস, পরীক্ষা, অফিস, ভার্চুয়াল সভা, কেনাকাটাসহ উচ্চ গতির ইন্টারনেটের ওপর নির্ভরশীল, তাদের সমস্যা আরও বেশি। জানা গেছে, রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ঝুলন্ত তার অপসারণ অভিযান শুরু করেছে। এতে কাটা পড়ছে ইন্টারনেট ও ক্যাবল টিভি সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর তারগুলো। এ অবস্থায় সোমবার জাতীয় প্রেসক্লাবে এক যৌথ সংবাদ সম্মেলনে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ও কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নেতৃবৃন্দ সেবা বন্ধের এ হুঁশিয়ারি দেন। সংবাদ সম্মেলনে বলা হয়, বাসাবাড়ি, অফিস ও ব্যাংকসহ সব পর্যায়ে ইন্টারনেট ডা...